GeneralLatest

স্টার সিমেন্ট কারখানায় বিদ্যুৎ সংযোগের দাবিতে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বুরুঙ্গা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 

স্টার সিমেন্ট কারখানায় বিদ্যুৎ সংযোগের দাবিতে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বুরুঙ্গা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অর্গানাইজেশনের পক্ষ থেকে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে স্টার সিমেন্টের বুড়ুঙ্গা প্ল্যান্টে দ্রুত ১৩২ কেভি বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের জন্য।বরাক উপত্যকার শিল্প ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয় কাটিগড়ার বিধানসভার অন্তর্গত বুড়ুঙ্গায় স্টার সিমেন্টের কারখানা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে উদ্বোধনের পর এই শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় বেকার যুবক, ব্যবসায়ী, পরিবহণকর্মী, সরবরাহকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছিল নতুন আশার সঞ্চার। তবে উদ্বোধনের পর থেকেই বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে কারখানাটি কার্যত উৎপাদন বন্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে স্মারকলিপিতে। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি কারখানার ওপর নির্ভরশীল পরিবহণ ব্যবসায়ী, ঠিকাদার, বিক্রেতা, সরবরাহকারী এবং ছোট ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে বৃহত্তর জনস্বার্থের কথা উল্লেখ করে কাটিগড়া সার্কেলের বাসিন্দারা কাছাড়ের জেলা কমিশনারের কাছে অবিলম্বে ১৩২ কেভি বিদ্যুৎ সংযোগ স্থাপনের আবেদন জানিয়েছেন। আবেদনকারীদের বক্তব্য, দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে কারখানায় উৎপাদন শুরু হলে শুধু কর্মসংস্থানই নয়, গোটা বরাক উপত্যকার শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *