নিগম ভোটের আগে ১৬ নম্বর ওয়ার্ডে উত্তাপ, মিয়া খানের ফ্লেক্স-ব্যানার ছেঁড়া, উধাও এজিপির পতাকা; বিরোধীদের দিকে অভিযোগের আঙুল I
নিগম নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে নির্বাচনী উত্তাপ। তারই আঁচ এবার ১৬ নম্বর ওয়ার্ডে। এজিপি প্রার্থী মিয়া খানের একাধিক ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি রাস্তার পাশে সারিবদ্ধভাবে টাঙানো এজিপির দলীয় পতাকা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ভোররাতের এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতরাতে এলাকায় প্রচার অভিযান নিয়ে সভা করেন মিয়া খান, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতি দেখে বিরোধীরা শংকিত। এই দাবি তুলে ধরে সমর্থকদের অভিযোগ, মিয়া খানের বাড়তে থাকা জনপ্রিয়তা দেখে বিরোধীরা শঙ্কিত। সেই কারণেই নির্বাচনের আগে পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে। কয়েকজন সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু ফ্লেক্স-ব্যানার ছেঁড়া কিংবা দলীয় পতাকা খুলে নেওয়ার মতো ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক উত্তাপ। এখন দেখার, অভিযোগের তদন্তে প্রশাসন কী পদক্ষেপ করে এবং ভোটের আগে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসে।
