রাস্তা, পানীয় জল ও নিকাশিই অগ্রাধিকার ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সালমা।
শিলচর পৌর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সালমা বেগম লস্কর নির্বাচিত হলে এলাকার রাস্তা, বিশুদ্ধ পানীয় জল এবং উন্নত জল নিষ্কাশন ব্যবস্থাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর দাবি, এই তিনটি বিষয়ই বর্তমানে ওয়ার্ডের সাধারণ মানুষের প্রধান চাহিদা।সালমার অভিযোগ, বাইপাস ও ভারতমালা প্রকল্পের নতুন কাজের ফলে কোথাও কোথাও রাস্তা ও নালার উচ্চতার তারতম্য তৈরি হয়েছে। ফলে বৃষ্টির জল স্বাভাবিকভাবে বের হতে না পেরে জলাবদ্ধতার সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও নেই বলে দাবি করেন তিনি। নির্বাচিত হলে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে এলাকাভিত্তিক প্রয়োজন চিহ্নিত করে কাজ করার আশ্বাস দিয়েছেন কংগ্রেস প্রার্থী। এদিকে, বিজেপি প্রার্থী আতাউর রহমান লস্করের ‘ভুয়া সার্টিফিকেট’ বিতর্ক প্রসঙ্গে সালমা বলেন, এই মামলায় যারা অভিযোগকারী, তাঁদের মধ্যে তিনি নেই। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াতেই সত্য সামনে আসবে বলেও জানান তিনি।নির্বাচন প্রসঙ্গে সালমার দাবি, ১৭ নম্বর ওয়ার্ডে মুসলিম ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তাঁর জয় নিশ্চিত। তাঁর বক্তব্য, শহরের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়া এই এলাকায় এখনও পরিকাঠামোগত উন্নয়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাই নির্বাচিত হলে মানুষের চাহিদাকে সামনে রেখে উন্নয়নের কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।
