১৫ নম্বর ওয়ার্ডে উন্নয়নের বার্তা বিজেপির, প্রার্থী পাপলি কর্মকারের দাবি, প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা নয়।
নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী লড়াই। বিজেপি প্রার্থী পাপলি কর্মকারের দাবি, এর আগেও নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে ওয়ার্ডের সমস্যা ও মানুষের চাহিদা সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল।পাপলির বক্তব্য, নির্বাচিত হলে রাস্তা-ঘাটের উন্নয়ন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং গোটা এলাকায় আলোর পরিকাঠামো আরও শক্তিশালী করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের সমস্যাগুলিকে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার কথাও জানান তিনি। নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পাপলি কর্মকারের দাবি, ১৫ নম্বর ওয়ার্ডে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথাই নয়। যদিও শেষ পর্যন্ত ভোটের ময়দানে একাধিক প্রার্থী রয়েছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। এদিকে, আজ ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় দলের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বক্তব্যে নেতৃত্বের তরফে এলাকার উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনের আগে এই সভাকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
